সরকার পরিচালনার জন্য ৪৯ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভায় তিনি নিজের অধীনে রেখেছেন প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ মোট ৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
আগামীকাল বিকেল ৩টায় সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। ১৯ বছর ৩ মাস ১৯ দিন পর ক্ষমতায় ফিরে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ৪৯ জন সহযোদ্ধাকে নিয়ে সরকার গঠন করলেন।
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। তার সাথে প্রতিমন্ত্রী হিসেবে আছেন মীর শাহে আলম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী হিসেবে আছেন জোটের শরিক নেতা জোনায়েদ সাকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন, সাথে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৃষি ও মৎস্য মন্ত্রী আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
অন্যান্যদের মধ্যে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিয়োগ পেয়েছেন। এছাড়াও জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে সাবেক ফুটবলার আমিনুল হক দায়িত্ব পালন করবেন।
ডিবিসি/আরএসএল