যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালাচ্ছে ইরান। এর মধ্যে আবুধাবি, মানামা ও দোহায় দফায় দফায় নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদকরা জানিয়েছেন, তারা মানামায় কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। কাতারে থাকা সাংবাদিকরাও নতুন বিস্ফোরণের ঢেউয়ের তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি আবুধাবির বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রয়টার্সও আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে।
এর আগে প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। পরিস্থিতি বিবেচনায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে। অন্যদিকে আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিকরা জানিয়েছেন, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পরই মূলত এই পাল্টা হামলা শুরু করে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই প্রধানত এই হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।
হামলার এই ধারা অব্যাহত থাকায় স্থানীয় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিবিসি/পিআরএএন