ঢাকার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঈদুল আজহার আগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই প্রস্তাব পাঠিয়েছিল, তবে মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেননি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মায়ের নামে নামকরণের এই প্রস্তাবটি অনুমোদন না করে উল্টো প্রধানমন্ত্রী নতুন প্রতিষ্ঠান গড়ে নাম দেওয়ার অনুশাসন দিয়েছেন। তিনি মন্ত্রণালয়ের প্রস্তাবের নোটে উল্লেখ করেন, যদি নতুন নামকরণ করতে হয়, তাহলে নতুন প্রতিষ্ঠান গড়তে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দেশের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে নাম পরিবর্তনের যে প্রথা রয়েছে, তার বিপরীতে এটি একটি দৃষ্টান্তমূলক অনুশাসন। ২০০৬ সালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি মূলত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন পরিচালিত একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগেও প্রধানমন্ত্রী সরকারি ব্যয়ের ক্ষেত্রে এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার একটি প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, মশা নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই; বরং দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশা নিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
ডিবিসি/এফএইচআর