গত ১২ জুন শুক্রবার মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ারধর্মী নতুন চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’। মুক্তির প্রথম দিনেই চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক ও আশাব্যঞ্জক সাড়া পেয়েছে।
দিনভর বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে প্রেক্ষাগৃহে আসতে দর্শকদের কিছুটা ভোগান্তির শিকার হতে হলেও রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জস্থ লায়ন সিনেমাস-এ প্রদর্শিত বিভিন্ন শোতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মুক্তির প্রথম দিন বিকেলের শো শেষে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন চলচ্চিত্রটির পরিচালক আকাশ হক, নির্বাহী প্রযোজক মোঃ হাফিজউদ্দিন মুন্না ও কলাকুশলীরা। এ সময় উপস্থিত দর্শকরা ছবিটির সাহসী রাজনৈতিক বক্তব্য, নির্মাণশৈলী এবং সমসাময়িক বাস্তবতাকে পর্দায় তুলে ধরার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
দর্শকদের মতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত বাস্তবতা, হল কালচার, গেস্টরুম, ক্ষমতার রাজনীতি, “বড় ভাই” সংস্কৃতি এবং তরুণদের হারিয়ে যাওয়া স্বপ্ন, হাস্যরস, ব্যঙ্গ এবং গভীর মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে। রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রটিকে ইতোমধ্যে সমালোচক ও দর্শক মহলে একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক স্যাটায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
চলচ্চিত্রটির প্রদর্শনী শেষে কানাডা প্রবাসী কবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রোকসানা লেইস এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও চলচ্চিত্র সমালোচক শেখ হাফিজুর রহমান সজল ছবিটির ভূয়সী প্রশংসা করেন। তারা সীমিত বাজেটে একদম নতুন একঝাঁক তরুণদের এমন আন্তরিকতা, সাহস, চমৎকার চিত্রগ্রহণ ও কারিগরি দক্ষতার প্রশংসা করে তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে সবাইকে হলমুখী হওয়ার আহ্বান জানান।
পরিচালক ও নির্বাহী প্রযোজক জানান, প্রেক্ষাগৃহে প্রদর্শন পর্ব শেষ হওয়ার পর দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিল্ম ক্লাবের সহযোগিতায় বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের, যাতে স্বল্প খরচে শিক্ষার্থীদের কাছে ছবিটি পৌঁছে দেওয়া যায়। এই লক্ষ্য বাস্তবায়নে তারা বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সম্ভাব্য পৃষ্ঠপোষকদের সহযোগিতা কামনা করেছেন।
দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পীর অভিনয়ে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে FIPRESCI Award অর্জন করেছে।
এছাড়া আমার ভাষার চলচ্চিত্র উৎসব-এ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে। ছবিটির জনপ্রিয় গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রটি বর্তমানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস-এ প্রদর্শিত হচ্ছে।
ডিবিসি/টিবিএ