সারা বিশ্বের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট 'দ্য হানড্রেড'-এ কখনো খেলা হয়নি টাইগার তারকার। তবে, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে শিগগিরই।
এবার টুর্নামেন্টটিতে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এক লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকার সমান) দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজের নাম ওঠে। তবে তাকে দলে নিতে আগ্রহ দেখায় বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় সহজেই ৩০ বর্ষী পেসারকে দলে ভেড়ায় তারা।
মূলত, টি–টোয়েন্টি হিসেবে স্বীকৃত দ্য হানড্রেডের এবারের আসরে নিলামের চূড়ান্ত তালিকায় ছিলো রিশাদ হোসেন নামও। তবে টাইগার লেগিকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
বার্মিংহ্যামে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন জ্যাকব বেথেল, দনোভান ফেরেইরা, উসমান তারিক ও রেহান আহমেদদের। বিগ ব্যাশে এই রেহানের সঙ্গে একই দল হোবার্ট হারিকেন্সে খেলেছিলেন রিশাদ হোসেন।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই শুরু হবে দ্য হানড্রেডের পঞ্চম আসর। এর আগে আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজকে কিনে নিলেও নিরাপত্তা ইস্যুতে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।
ডিবিসি/ এইচএপি