অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টায় তিনি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেখানে মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওআইসির মূল অধিবেশনের পাশাপাশি সংস্থাটির সদস্যভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাইডলাইন বৈঠক বা দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে খলিলুর রহমানের। সৌদি আরবের সফর শেষে আগামী শনিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গগত, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে সম্প্রতি নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ওই এলাকাকে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণারও পাঁয়তারা করছে তারা। মূলত ইসরায়েলের এমন আগ্রাসী সিদ্ধান্তের প্রেক্ষাপটেই ওআইসির এই জরুরি অধিবেশন ডাকা হয়েছে। বৈঠকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওআইসি গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ইসরায়েলের এই অবৈধ পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনতাত্ত্বিক কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলবে, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দীর্ঘদিনের সংকট নিরসনের 'দ্বিরাষ্ট্রীয় সমাধান' পরিকল্পনাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।
ডিবিসি/এফএইচআর