চার দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন ফ্লাইটে রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।
গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন।
দালিয়ান থেকে বুধবার দুপুরে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
এর আগে, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ডিবিসি/এসএফএল