বাংলাদেশ, জেলার সংবাদ

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা: মানিকগঞ্জে গ্রেপ্তার ১

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ঢাকার সাভার উপজেলার জালেশ্বর এলাকার রাঢ়ীবাড়ী বি-ব্লক ২/৯ নম্বর বাসায় বসবাস করেন।

 

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, প্রতারক মামুন নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানাভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পাশাপাশি তিনি নিজেকে সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও পরিচয় দিতেন।

 

গত ১৮ মে তিনি নিজের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রকৃত এপিএস-১ জানতে পেরে ঢাকার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

পরবর্তীকালে জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করে। বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টার দিকে সাভারের জালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ গাড়ি, ‘আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ সংবলিত লিফলেট এবং জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি প্রতারণার কাজে বিশেষ একটি মোবাইল ব্যবহার করতেন এবং তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন