বাংলাদেশ, রাজধানী

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা: আগারগাঁও থেকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি করে আসা মো. আব্দুস সালাম নামের এক হাই-প্রোফাইল প্রতারককে গ্রেপ্তার করেছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা।

রবিবার সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে টানা ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে তাকে আটক করা হয়। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার একটি সুস্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছে।

 

গোয়েন্দা সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরেই নিজেকে প্রধানমন্ত্রীর পিএস হিসেবে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। এই প্রভাবশালী পরিচয়ের আড়ালে তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য, অবৈধ আর্থিক লেনদেন এবং সাধারণ মানুষের সঙ্গে নানা ধরনের সুপরিকল্পিত প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার এসব অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছানোর পর গোয়েন্দা সংস্থা তৎপর হয়।

 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি এ পর্যন্ত ঠিক কত মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য আদায়ের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন