সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী এক বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এই পদে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ, বর্তমান সকল কর্ম-সম্পর্ক পরিত্যাগ করেই তাকে এই নতুন দায়িত্বে যোগ দিতে হবে।
এছাড়া, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রশাসনিক ক্যারিয়ারে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত এবিএম আব্দুস সাত্তার এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ডিবিসি/ এসএফএল