জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং শ্রম খাতের সংস্কারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। জবাবে প্রধানমন্ত্রী আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তার সরকার শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

 

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান গিলবার্ট এফ. হোংবো। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি বড় স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

 

উভয় পক্ষের আলোচনায় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং তৈরি পোশাক খাতের অগ্রগতির মতো বিষয়গুলো উঠে আসে। পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করে একটি নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও তারা মতবিনিময় করেন। আইএলও মহাপরিচালক শ্রম খাতে সরকারের চলমান সংস্কার উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের সাথে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং জেনেভায় আইএলও সদর দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন