জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাসস

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালের কাজ সম্পন্ন করে উদ্বোধনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় জাপানের ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বৃদ্ধি করে ৫০০ মিলিয়নে উন্নীত করার প্রস্তাবে জাপান ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 

বৈঠকে জাপানি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি প্যাট্রোল বোট প্রদানের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করে। এসময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে তা সফরের আশা প্রকাশ করেন।

 

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো উপস্থিত ছিলেন।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন