প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে পারমাণবিক শক্তি খাতের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা এবং পারমাণবিক প্রযুক্তি খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, আজই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম প্রবেশের চূড়ান্ত ধাপের কার্যক্রম শুরু হয়েছে, যার ফলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে সংগতি রেখে রোসাটম মহাপরিচালকের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএনৃ