সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখায় তিন প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তা পাওয়া তিন নেতা হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন নেতার হাতে পৃথকভাবে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, সদ্য সমাপ্ত নির্বাচনকে শান্তিপূর্ণ ও জনমুখী করে তুলতে এই তিন নেতার বলিষ্ঠ নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই তিন নেতার সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। ফোনালাপে তিনি দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনেও রাষ্ট্র সংস্কার ও স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার এই সৌজন্যতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর শীর্ষ নেতাদের প্রতি এই রাষ্ট্রীয় অভিবাদন দেশে সুস্থ ধারার রাজনীতির চর্চাকে আরও বেগবান করবে।
ডিবিসি/এএমটি