আন্তর্জাতিক, এশিয়া

প্রধান শিক্ষকের ১০ মিনিট আগের সিদ্ধান্তে রক্ষা পেল নেপালে ৯০০ শিক্ষার্থীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালে ভয়াবহ বন্যা আঘাত হানার মাত্র ১০ মিনিট আগে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয় খালি করে প্রায় ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন এক প্রধান শিক্ষক। নুওয়াকোট জেলার ত্রিভুবন ত্রিশূলি সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদির এই সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তের ফলেই একটি চরম ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে বন্যার আগাম সতর্কতা জানিয়ে পরপর চারটি ফোন পান দাওয়াদি। একই সঙ্গে এক অভিভাবক এসে জরুরি ভিত্তিতে তাঁর সন্তানকে নিয়ে যাওয়ার কথা জানালে বিপদের মাত্রা বুঝতে পারেন তিনি। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি পুরো বিদ্যালয় খালি করার নির্দেশ দেন। শিক্ষার্থীদের দ্রুত উঁচু পাহাড়ি এলাকায় সরে যেতে বলা হয় এবং শিক্ষার্থীভর্তি বাসগুলোকে এলাকা ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়।


শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যালয় ভবনটি কাদা ও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এবং পার্শ্ববর্তী হোস্টেলটি পানির তোড়ে ভেসে যায়। প্রধান শিক্ষক জানান, "আমরা যদি দ্রুত সিদ্ধান্ত না নিতাম, আর মাত্র ১০ মিনিট দেরি হতো, তবে শিক্ষার্থীসহ আমাদের কারও পক্ষেই আজ বেঁচে থাকা সম্ভব হতো না।"


ষোলো বছর বয়সী শিক্ষার্থী ইউনিশা অমাত্য জানায়, তারা পেছনের একটি সরু পথ দিয়ে পাহাড়ের ওপরে উঠে প্রাণে রক্ষা পায়। চোখের সামনেই পুরো বাজার ও আশপাশের এলাকা ভেসে যেতে দেখে তারা। সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের দুই রাত একটি পাহাড়ি গ্রামে আটকে থাকতে হয়। পরে তাঁদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিজ নিজ গ্রামে ফিরিয়ে আনা হয়।


নেপালে সাম্প্রতিক এই ভয়াবহ বন্যায় ইতোমধ্যে প্রায় ৯০০ মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। এর মাঝে বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হলেও প্রধান শিক্ষকের সময়োপযোগী তৎপরতায় বেঁচে গেছে ৯০০টি নিষ্পাপ প্রাণ।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন