বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।
সেলের অন্য সদস্যরা হলেন কল্যাণ অধিশাখার যুগ্মসচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এতে এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি।
এ ছাড়া প্রাপ্ত আবেদন ও অভিযোগ এবং সেগুলোর বিষয়ে গৃহীত ব্যবস্থা দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। প্রয়োজনে সেলটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। উপসচিব ড. আনিছুর রহমান স্বাক্ষরিত এই অফিস আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
ডিবিসি/কেএলডি