আন্তর্জাতিক

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ৩% কর বসাতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়া থেকে অভিবাসী কর্মীদের নিজ দেশে অর্থ পাঠানোর ওপর ৩ শতাংশ কর আরোপের একটি নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টেট ডুমার এ জাস্ট রাশিয়া দলের নেতা সের্গেই মিরোনভ এই কর প্রস্তাবটি উত্থাপন করেছেন। তার মতে, বর্তমানে অভিবাসীরা যে বিশাল অংকের অর্থ নিজ দেশে পাঠান, তার ওপর সরকার কোনো কর পায় না। অথচ অর্থ স্থানান্তরের এই প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন পেমেন্ট সিস্টেম ঠিকই তাদের কমিশন আদায় করে নিচ্ছে। এই অসামঞ্জস্য দূর করতেই এমন বাধ্যতামূলক কর আরোপের চিন্তা করা হচ্ছে।

 

প্রস্তাবিত এই ৩ শতাংশ কর কার্যকর হলে রাশিয়ার জাতীয় বাজেটে বছরে অন্তত ৪৫ বিলিয়ন রুবল অতিরিক্ত রাজস্ব আসবে বলে জানিয়েছেন সের্গেই মিরোনভ। আইনপ্রণেতাদের মতে, এটি রাষ্ট্রের জন্য একটি উল্লেখযোগ্য আয়ের উৎস হতে পারে।

 

পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া থেকে মধ্য এশিয়ার দেশগুলোতে প্রতি বছর বিশাল অংকের অর্থ রেমিট্যান্স হিসেবে পাঠানো হয়। গত বছরের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে উজবেকিস্তানে ১৫ বিলিয়ন ডলার, তাজিকিস্তানে ৭ থেকে ৯ বিলিয়ন ডলার এবং কিরগিজস্তানে রেকর্ড ৩.২ বিলিয়ন ডলার পাঠানো হয়েছে।

 

এই প্রস্তাবটি কার্যকর হলে একদিকে যেমন রাশিয়ার বাজেটে অর্থের প্রবাহ বাড়বে, অন্যদিকে মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতিতেও এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অনেক অভিবাসী শ্রমিক তাদের উপার্জনের একটি বড় অংশ পরিবারের ভরণপোষণের জন্য বাড়িতে পাঠান, তাই এই নতুন কর তাদের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

বর্তমানে প্রস্তাবটি নিয়ে স্টেট ডুমায় আলোচনা চলছে এবং কর্তৃপক্ষ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা প্রবাসী শ্রমিকদের আর্থিক লেনদেনের ধরনে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: এপিএ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন