কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এই প্যারাসেইলিং প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে। একাধিকবার বন্ধ করার পরও আবারও চালু করেছিল এটি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজ শনিবার দুপুরে দরিয়ানগর সৈকতে দুর্ঘটনায় নিহত হন খুলনার বাসিন্দা সৌভিক। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
দুর্ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের বলেন, প্যারাসেইলিংয়ের কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দেইনি। আমরা অনেকবারই এগুলো বন্ধ করেছি। পর্যটনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচ কর্মীরা গত সোমবারও ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যটকরা কক্সবাজারে আনন্দ করতে আসেন। এখানে যেন কোনো দুঃখজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো পর্যটকের প্রাণহানি না হয়, সেটিই আমরা চাই। এ জন্য অবশ্যই শক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়রা বলেন, দরিয়ানগর এলাকায় বেশ কয়েকটি স্থানে প্যারাসেইলিং কার্যক্রম চলে। দুপুরে খুলনার পর্যটক সৌভিক রায় তাতে চড়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি আকাশ থেকে সমুদ্রে পড়ে যান। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্টদের তথ্য মতে, মূলত ফরিদ আহমদ নামের এক ব্যক্তির পরিচালনাধীন দরিয়ানগরের এই ‘সী স্পোর্টস প্যারাসেইলিং’। যেখানে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে, যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন তার মধ্যে অনেকেই রয়েছেন অদক্ষ ও অনভিজ্ঞ। তারা প্যারাসেলিং পরিচালনায় প্রশাসনের নির্দেশনা ও শর্ত অমান্য করেই কার্যক্রম অব্যাহত রেখেছিল।
ডিবিসি/ এইচএপি