রাঙামাটির সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ডাম্পার গাড়ির ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে এক গর্ভবতী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তী চাকমা বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চাপ-আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সন্তান প্রসবের জন্য সিএনজিচালিত অটোরিকশায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাওয়ার পথে বিজিবির একটি ডাম্পার গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডিবিসি/এসএফএল