বাংলাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের মামলায় ৫ আসামির রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১১ই জানুয়ারী ২০২৬ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিনা খন্দকার আন্নার আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেল্লাল হোসেন, জয়নাল আবেদীন, শ্রী অপূর্ব ব্যানার্জী, মো. আনোয়ার হোসেন ও মো. আল আমিন।

 

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার এজাহার ও রিমান্ড আবেদন থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৮ জানুয়ারি রাতে যৌথ বাহিনীর হাতে আটক হন মো. মাহাবুব আলম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ জানুয়ারি ভোরে বিশেষ অভিযান চালিয়ে অপর আসামিদের নিজ নিজ ঠিকানা থেকে আটক করা হয়। এ সময় প্রশ্নফাঁস ও প্রতারণায় জড়িত থাকার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

 

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের কথা বলে বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছেন। এ ঘটনায় গত ৯ জানুয়ারি মোহাম্মদপুর থানার প্রাথমিক শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা বাদী হয়ে শেরেবাংলানগর থানায় মামলাটি দায়ের করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন