আন্তর্জাতিক, ভারত

প্রায় ২১ কোটি টাকায় নিলামে বিক্রি হলো বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর হাতে লেখা বেশ কিছু দুর্লভ চিরকুট মুম্বাইয়ের একটি নিলামে রেকর্ড ১.৬৯ মিলিয়ন ডলারে (১.২৪ মিলিয়ন পাউন্ড) বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান 'স্যাফ্রনআর্ট' জানিয়েছে, ভারতের কোনো ঐতিহাসিক নথির ক্ষেত্রে নিলামে সর্বোচ্চ দাম পাওয়ার এটি একটি নতুন রেকর্ড।

এই দুর্লভ সংগ্রহটি মূলত গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা সংগ্রামী আনন্দ টি হিঙ্গোরানির পরিবারের কাছে সংরক্ষিত ছিল। ১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মধ্যে লেখা এই ৬৮৮টি বার্তায় সত্য, অহিংসা এবং আত্মনিয়ন্ত্রণের মতো বিষয়গুলো গভীরভাবে ফুটে উঠেছে। আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার অকাল মৃত্যুর পর তাকে সান্ত্বনা, সাহস ও নির্দেশনা দিতে প্রায় ২ বছর ধরে গান্ধীজি এসব চিরকুট লিখেছিলেন। গান্ধীর লেখা এই ব্যক্তিগত বার্তাগুলো পরবর্তীতে 'আ থট ফর দ্য ডে' নামক একটি বইয়ে সংকলিত হয়।


স্যাফ্রনআর্টের সহ-প্রতিষ্ঠাতা দীনেশ ভাজিরানি এক বিবৃতিতে জানান, রাজনৈতিক পরিচয়ের আড়ালে গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁর জীবনদর্শনের এক বিরল প্রতিফলন দেখা যায় এসব লেখায়। তিনি প্রকাশ্যে যে নীতিগুলো প্রচার করতেন, নিজের ব্যক্তিগত জীবনেও তা কীভাবে চর্চা করতেন, এই চিরকুটগুলো তারই প্রমাণ দেয়। 'গান্ধী: ফ্রম দ্য কালেকশন অফ আনন্দ টি হিঙ্গোরানি' শীর্ষক এই বিশেষ নিলামে চিরকুটের পাশাপাশি গান্ধীর বহনযোগ্য চরকা, ঈশ্বর ও ভগবদ্গীতা নিয়ে লেখা ব্যক্তিগত নোট এবং চরকা কাটার আধ্যাত্মিক শৃঙ্খলা নিয়ে লেখা দুটি চিঠিও অন্তর্ভুক্ত ছিল।


নিলামে সর্বোচ্চ দর হাঁকানো ক্রেতার পরিচয় কর্তৃপক্ষ গোপন রাখলেও স্যাফ্রনআর্ট নিশ্চিত করেছে যে, অমূল্য এই ঐতিহাসিক সংগ্রহটি ভারতেই থাকছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন