জেলার সংবাদ

প্রায় ১৯ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার দীর্ঘ সাড়ে ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উদ্ধার কাজ ও রেললাইন মেরামত সম্পন্ন হলে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের অদূরে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়েল ট্যাংকার ওয়াগন লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

 

দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা রাতভর এবং বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। লাইনচ্যুত হওয়া পাঁচটি ওয়াগন উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।

 

এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এ বি এম কামরুজ্জামান জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

 

এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে দুর্ঘটনার নেপথ্যে কোনো ত্রুটি ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন