আন্তর্জাতিক, এশিয়া

প্রায় ৫ বছর পর কারাগার থেকে মুক্ত হয়ে এবার গৃহবন্দি অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় কারাগারে বন্দি থাকার পর মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চি-কে অবশেষে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত একটি বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে জান্তা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চি-র নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মিন অং হ্লাইং। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মিন অং হ্লাইং জানান, সু চি-র অবশিষ্ট সাজা এখন থেকে তার নির্ধারিত বাসভবনে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সু চি-র একটি ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে দুই ইউনিফর্মধারী কর্মীর মাঝে একটি কাঠের বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। ২০২১ সালের পর এই প্রথম গণতন্ত্রকামী এই নেত্রীর কোনো জনসমক্ষে আসার ছবি সামনে এলো।


কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে ১,৫১৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১১ জন বিদেশি নাগরিকও রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য কয়েদিদের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সু চি-র মূল ৩৩ বছরের কারাদণ্ড এখন কমে দাঁড়িয়েছে ১৮ বছরে। বর্তমানে ৮০ বছর বয়সী এই নেত্রীর আরও প্রায় ১৩ বছরের সাজা ভোগ করা বাকি রয়েছে।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, "এটি একটি অর্থপূর্ণ পদক্ষেপ। তবে আমরা মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দির দ্রুত মুক্তি দাবি করছি।"


অন্যদিকে, সু চি-র আইনজীবীরা জানিয়েছেন যে তারা এই পরিবর্তনের কথা সংবাদমাধ্যমের মাধ্যমেই জেনেছেন, কর্তৃপক্ষ থেকে তাদের সরাসরি কিছু জানানো হয়নি। ২০২২ সালের ডিসেম্বরের পর থেকে আইনজীবীদের সু চি-র সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।


৮০ বছর বয়সী সু চি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বলে খবর পাওয়া গেছে। তবে কঠোর গোপনীয়তার কারণে তার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা সম্ভব হয়নি। ১৯৮৯ থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর গৃহবন্দি থেকে তিনি মিয়ানমারে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছিলেন।


২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ২২,০৪৭ জন রাজনৈতিক বন্দি কারাগারে আটক রয়েছেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন