জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে দেশবাসীকে নিজেদের অধিকার ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রবিবার (৩১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে লেখেন, গত মাসেই এক দফায় ক্ষেত্রবিশেষে ৮ থেকে ১২ শতাংশ বা তারও বেশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এর প্রভাবে বাজারে দ্রব্যমূল্য চরম আকার ধারণ করলেও মানুষের আয় বাড়েনি, উল্টো ক্রমাগত বাড়ছে বেকারত্ব। এমন দিশেহারা অবস্থায় আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। অথচ সরকারের পক্ষ থেকে অন্তত চলতি মাসে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল।
আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাজেট অধিবেশন শুরুর ঠিক আগে তড়িঘড়ি করে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা হবে জনগণের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি। এ ধরনের সিদ্ধান্তকে সম্পূর্ণ জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র বিরোধিতা করেন তিনি।
শফিকুর রহমান আরও উল্লেখ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, তার সঙ্গে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি দেশ এবং সমাজের অস্তিত্বকেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
এই সংকটময় পরিস্থিতিতে তিনি দেশবাসীকে জেগে ওঠার এবং প্রতিবাদ করার আহ্বান জানান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, অধিকার কেউ ঘরে এসে দিয়ে যাবে না, লড়াই করে তা ছিনিয়ে আনতে হবে। এই অধিকার আদায়ের লড়াইয়ে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে আছে বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
ডিবিসি/এফএইচআর