আগামী অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর আগে দুটি ম্যাচ খেলার পর এই তৃতীয় ম্যাচটি আয়োজন নিয়ে আয়োজকদের সঙ্গে সিবিএফের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ম্যাচটির ভেন্যু হিসেবে কলকাতার সম্ভাবনা প্রবল হলেও ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি। চুক্তির অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষ হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এশিয়ায়, বিশেষত ভারত ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ব্রাজিলের আকাশচুম্বী জনপ্রিয়তাই সিবিএফের এই উদ্যোগের মূল কারণ। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারতজুড়ে হলুদ-সবুজ জার্সিধারী হাজারো ব্রাজিল সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো সংস্থাটির নজর কেড়েছে। মূলত দক্ষিণ এশিয়ার অগণিত ভক্তদের সামনে জাতীয় দলকে খেলানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্রাজিলের আসন্ন এই সফরটি নতুন প্রবর্তিত ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি অফিসিয়াল বা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফিফা মনে করছে, এই উদ্যোগের ফলে বিভিন্ন মহাদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন ও বাণিজ্যিক সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে।
এর পাশাপাশি সিবিএফ তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে। সংস্থাটির লক্ষ্য, ২০২৭ সাল থেকে ব্রাজিলের অভ্যন্তরেই আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজন করা। বিশেষ করে দেশের যেসব শহরে জাতীয় দলের ম্যাচ সাধারণত খুব একটা অনুষ্ঠিত হয় না, সেসব অঞ্চলের সমর্থকদেরও কাছ থেকে প্রিয় দলকে দেখার সুযোগ করে দিতেই এই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সূত্র: মিন্ট
ডিবিসি/এফএইচআর