প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শনিবার (১৬ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওই এলাকার ১ হাজার ২৫০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, "আগে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছায় জিয়ার খাল, মুসার খাল খনন কর্মসূচি করেছি। খাল খননের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা তাঁর দূরদর্শী পরিকল্পনার অংশ ছিল।" তিনি আরও উল্লেখ করেন, একটি খালের সঙ্গে আরেকটি খালের সংযোগ এবং খালের সঙ্গে নদীর সংযোগ ঘটিয়ে দেশের জলাবদ্ধতা দূরীকরণও ছিল জিয়াউর রহমানের এই কর্মসূচির অন্যতম মূল লক্ষ্য।
কুশাখালী ইউনিয়ন মাঠে আয়োজিত এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রায়পুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং রামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডিবিসি/পিআরএএন