ফরিদপুরের সালথায় সরকারি জমি দখল ও লিজ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর মধ্যে সরকারি জমি লিজ ও দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর একপর্যায়ে শুক্রবার রাত ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ