জেলার সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের মুখোমুখি নয়, পেছন থেকে ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাব্বি, তিনি হামিম পরিবহনের চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের ব্রাহ্মণপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হামিম পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকাশ পরিবহনকে সজোরে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এর হেলপার রাব্বিসহ দুই বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেয় এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

 ডিবিসি/হাদী

আরও পড়ুন