জেলার সংবাদ

ফরিদপুরে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, শতাধিক আহত

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর শুরু হওয়া এই উত্তেজনা শনিবার সকালেও গড়ায় ব্যাপক সংঘর্ষে। এতে পুলিশ, সাংবাদিক ও গ্রামবাসীসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুদিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করেন। ওই ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যার পর মুনসুরাবাদ বাজারে টানা আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়। রাত হয়ে যাওয়ায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও, আজ শনিবার সকাল ৭টা থেকে আবারও ওই চার গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

জানা গেছে, ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষ চলছে। এক পক্ষে মুনসুরাবাদ গ্রামের লোকজন এবং অপর পক্ষে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ড ও হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

 

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের একাধিক দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও সংঘর্ষ চরম আকার ধারণ করায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দ্রুত পরিস্থিতি শান্ত করা না গেলে বড় ধরনের হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ফরিদপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়েছে। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন