জেলার সংবাদ

ফরিদপুরে আকিকা অনুষ্ঠানে মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ৮ শিশু

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডিয়া গ্রামে একটি আকিকা অনুষ্ঠানে মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় আটটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় শিশুগুলোকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আকিকা অনুষ্ঠানের খাবার শেষে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাটের ‘মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’ থেকে আনা মিষ্টি শিশুদের খাওয়ানো হয়। মিষ্টি খাওয়ার পরপরই তাদের পেটব্যথা ও বমি শুরু হয়। অবস্থার অবনতি হলে রাতে তাসফিয়া, তাওহিদ ও সুমাইয়াসহ মোট আট শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

অভিভাবকদের দাবি, ওই দোকানের মিষ্টি খাওয়ার ফলেই শিশুরা অসুস্থ হয়েছে। তবে ‘মোল্লা হোটেল এন্ড মিষ্ঠান্ন ভাণ্ডার’-এর মালিক জিয়ারত মোল্লা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার দোকানের মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

 

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে অসুস্থ শিশুরা।

আরও পড়ুন