ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন নসিমন চালক ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাজারে আগুন লাগার পর স্থানীয়দের সাথে বাবুল মোল্যাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।
বিস্ফোরণের বিকট শব্দে চারপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ডিবিসি/টিবিএ