জেলার সংবাদ

ফরিদপুরে চাচার হাতে ভাতিজাকে খুনের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে নারকেল পাড়াকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। নিহত ভাতিজার নাম শ্যাম বিশ্বাস (৩৫)। তিনি খাটরা গ্রামের মৃত রাজেশ্বর বিশ্বাসের ছেলে।

অভিযুক্ত তার আপন চাচা নিখিল বিশ্বাস (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শ্যাম বিশ্বাসের সঙ্গে তার চাচা নিখিল বিশ্বাসের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি নারকেল গাছে বৃহস্পতিবার বিকালে নারকেল পাড়তে ওঠেন শ্যাম। এ সময় বিষয়টি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

 

একপর্যায়ে নিখিল বিশ্বাস ও তার ছেলে বাঁধন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে শ্যাম বিশ্বাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যামের মা মিনিকেও কুপিয়ে আহত করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। 

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যাম বিশ্বাস ও তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যামকে মৃত ঘোষণা করেন। আহত মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন