ফরিদপুরের সালথায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ শুরু হয়।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
ডিবিসি/এমএনকে