বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে দাদি-ফুফুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত যুবক পলাতক

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে একই পরিবারের ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভিযুক্ত আকাশ মোল্লার দাদি আমেনা বেগম, ফুফু রাহেলা বেগম এবং প্রতিবেশী রিকশাচালক কাবুল মাতুব্বর। এ ঘটনায় রিয়াজুল নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লার সাথে তার দাদি আমেনা বেগমের কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় আকাশের ফুফু রাহেলা বেগম বাধা দিতে গেলে আকাশ ক্ষিপ্ত হয়ে দা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দাদি আমেনা বেগম এগিয়ে এলে তাকেও দা ও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে আকাশ।


নিহতদের চিৎকার শুনে প্রতিবেশী রিকশাচালক কাবুল মাতুব্বর ঘটনাস্থলে এগিয়ে গেলে আকাশ তাকেও কুপিয়ে হত্যা করে। এসময় রিয়াজুল নামে আরেক ব্যক্তি তাদের বাঁচাতে এলে আকাশ তাকেও কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই আকাশ এলাকা ছেড়ে পালিয়ে যায়।


খবর পেয়ে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।


ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘাতক যুবককে মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন