আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব

ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, কয়েকটি বাড়িতে আগুন

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরকান্দা সদর উপজেলার গোয়ালদি গ্রামে আধিপত্য নিয়ে স্থানীয় মাতুব্বর গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে মাতুব্বর গ্রুপের নেতা স্থানীয় যুবদল কর্মী রবি মেম্বারের সমর্থকদের সঙ্গে মোল্লা গ্রুপের নয়ন মোল্লার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়, এতে বাড়িগুলো পুড়ে যায়।

 

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরবর্তীতে ফরিদপুর সদর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সহিংসতার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাজ করছে।

 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন