ফরিদপুর ও মাগুরা জেলার সীমান্তবর্তী এলাকায় ধান শুকানোর সময় বজ্রপাতে মারিয়া (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চায়না বেগম (৩০) নামে আরও এক নারী আহত হন। সোমবার (৪ মে) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মারিয়া ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার লঙ্কারচর গ্রামের দবির শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির উঠোনে পাকা ধান শুকানোর কাজ করছিলেন মারিয়া ও চায়না বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মারিয়া গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, ঘটনাটি ফরিদপুর ও মাগুরা জেলার সীমান্তবর্তী চর এলাকায় ঘটেছে। নিহতের মরদেহ সোমবার রাতে থানায় আনা হয়। পরবর্তীতে ঘটনাস্থল ফরিদপুর জেলায় হওয়ায় সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বজ্রপাতে আহত অপর নারী চায়না বেগম চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
ডিবিসি/আরএসএল