বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী একটি কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শাহাদাত হোসেন উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ট্রলার ঘাট এলাকার আবদুর রশিদ বেপারীর ছেলে। সে স্থানীয় হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।


পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবার শরিফ সংলগ্ন ট্রলার ঘাট এলাকায় আয়োজিত একটি মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং মাইকিং করা হলেও তার কোনো সন্ধান মেলেনি।


নিহতের পরিবারের দাবি, সোমবার দুপুরে ওই মেলার একটি দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) মুঠোফোনে শাহাদাতের বোন রওশনারাকে মরদেহের সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাশবনের ভেতর মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই যুবক পলাতক রয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।


সদরপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন