ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের সবাইকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, দুর্ঘটনার কবলে পড়া ‘সাগরিকা পরিবহন’-এর বাসটি বরিশাল থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাস চালানোর সময় চালক বারবার মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে তাঁকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করেন এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ জানান। কিন্তু যাত্রীদের সেই অনুরোধ সম্পূর্ণ উপেক্ষা করে চালক ফোনে কথা বলতে থাকেন। একপর্যায়ে বাবলাতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
গুরুতর আহত অবস্থায় ফরিদপুরে পাঠানো ওই তিন যাত্রী হলেন সাইফ আলী (৫২), তুষার (৩৪) ও রানী বেগম (৫০)।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে