ঈদের দিনে পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন শেখ (১৮) ও ইব্রাহিম ফকির (১৭) নামের দুই বন্ধু নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই বন্ধু হলেন, জেলার মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ ও একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিনে পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে ফরিদপুরের মধুখালী থেকে একটি নাম্বারবিহীন অ্যাপাচি মোটরসাইকেলে রওনা দেন দুই বন্ধু রাজন শেখ ও ইব্রাহিম ফকির। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৭-৬১০১) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী রাজন শেখ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে রাতে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/আরএসএল