বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন, কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের ভুল অপারেশনে আয়েশা আফরিন (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে আল জারা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দায় সংশ্লিষ্ট চিকিৎসকের ওপর চাপিয়েছে।

নিহত আয়েশা সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে এবং ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে আয়েশাকে তার মা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের আল জারা প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে তাকে ভর্তি করে সাড়ে ১০টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

 

পরিবারের দাবি, চিকিৎসকরা কোনো পূর্ববর্তী পরীক্ষা ছাড়াই তাকে অপারেশন টেবিলে নিয়ে যান এবং ভুলবশত নাড়িভুঁড়ি কেটে ফেলেন। অপারেশনের পরপরই আয়েশার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে আল জারা হাসপাতাল কর্তৃপক্ষ জোরপূর্বক তাকে অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা এই মৃত্যুর ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

 

ঘটনা প্রসঙ্গে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন