ফরিদপুরের সালথা উপজেলায় পাট শুকানোর জন্য বাঁশের আড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বসতবাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বশির মাতুব্বরের বাড়ির পাশের একটি মসজিদের সামনে পাট শুকানোর জন্য বাঁশের আড়া বাঁধেন হাবিবুর রহমান (হবি মেম্বার)-এর এক সমর্থক। এতে মসজিদে আগত মুসল্লিদের যাতায়াতে বিঘ্ন ঘটলে তারা আড়াটি খুলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে হবি মেম্বারের সমর্থকরা বশির মাতুব্বরকে দায়ী করে তার বাড়িতে হামলার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন জড়ো হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ বেধে যায়।
এ বিষয়ে বশির মাতুব্বর অভিযোগ করে বলেন, বাঁশের আড়া খোলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও তাকে অযথাই দায়ী করে বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। হামলায় তার দুটি ঘর ও সীমানার টিনের বেড়া ভাঙচুর করা হয় এবং তার স্ত্রীসহ কয়েকজন আহত হন।
অন্যদিকে, হাবিবুর রহমান (হবি মেম্বার) জানান, তিনি পাটের আড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের কথা শুনেছেন এবং এই ঘটনায় তার পক্ষের ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল