বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার একদল যুবক ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করছিলেন। ওই সময় পার্শ্ববর্তী খাপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা হয়। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।


এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে খাপুরা গ্রামের দুই যুবককে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে খাপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে মারধর করে গুরুতর আহত করেন।


মুহূর্তের মধ্যেই পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। উভয় পক্ষ ঢাল, সড়কী, রামদাসহ দেশীয় অস্ত্র এবং ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন