ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় কুমার নদে ডুবে তাসনিম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত তাসনিম ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলমের মেজো ছেলে। সে পরিবারের সঙ্গে ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বাড়ির অদূরে কুমার নদে খেলতে যায় তাসনিম। সাঁতার না জানায় একপর্যায়ে সে নদের পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। শনিবার রাত নয়টায় এশার নামাজ শেষে কমলাপুর মাটিয়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/টিবিএ