জেলার সংবাদ

ফরিদপুরে বাথরুমের স্ল্যাবের নিচে মিলল নারীর বস্তাবন্দি কঙ্কাল

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার একটি বাড়ির কাঁচা বাথরুমের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) শ্রীপুর কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার ভোরে ওই বাড়ির মালিক মৃত মধু মণ্ডলের ছেলের বউ রওশনা বেগম বাথরুমে যান। সেখানে বাথরুমের স্ল্যাবের ওপর দাঁড়ালে তিনি অস্বাভাবিক কিছু অনুভব করেন এবং বিষয়টি তার স্বামী আলী আকবর মণ্ডলকে জানান।

 

প্রথমে গুরুত্ব না দিলেও পরে আলী আকবর নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ করেন। এরপর তিনি বিষয়টি পরিবারের অন্য সদস্য ও স্বজনদের জানান।

 

দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে মধুখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

পরে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাথরুমের স্ল্যাবের নিচ থেকে বস্তাটি উদ্ধার করেন। পুলিশ জানায়, বস্তার ভেতর থেকে এক নারীর মাঝারি আকারের মাথার খুলি, লম্বা কালো চুল এবং জোড়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন