ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি ডিমবাহী পিকআপ মহাসড়কে উল্টে যায়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ রেকার নিয়ে আসে। রেকারের মাধ্যমে গাড়িটি উদ্ধারের সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ডিবিসি/এসএফএল