ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবু মোল্যা সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের মৃত আ. কুদ্দুছ মোল্যার ছেলে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান বাবু মোল্যাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ডিবিসি/আরএসএল