বাংলাদেশ, জেলার সংবাদ

ফরিদপুরে বেপরোয়া ট্রাক থামিয়ে গণপিটুনি: চালক নিহত, আহত ২

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের দুই সহকারী (হেলপার) গুরুতর আহত হয়।

শুক্রবার (১ মে) রাতে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২) অত্যন্ত দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী কয়েক দফা থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রাকটি আবারও একই কায়দায় আসতে থাকলে বিলনালিয়া ও পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তায় ইট ও গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়।


ট্রাকটি থামার পর উত্তেজিত জনতা চালক ও দুই সহকারীসহ তিনজনকে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। বাকি দুই সহকারীকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। একই সময় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ব্যাপক ভাঙচুর চালায়।


খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয়দের দাবি, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, ট্রাকটির চাপায় অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন