জেলার সংবাদ

ফরিদপুরে মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করল বিক্ষুব্ধ এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সিএমবি ঘাট সংলগ্ন লিও পেট্রোল পাম্পের পাশে এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে স্থানীয় বাসিন্দারা সিএমবি ঘাট বেড়িবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন। পরে দুপুর আড়াইটার দিকে কয়েক শত এলাকাবাসী একত্রিত হয়ে পাম্প সংলগ্ন চিহ্নিত মাদক ব্যবসায়ী মিলন, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের শান্ত করার চেষ্টা ও বিরত থাকার অনুরোধ জানালেও বিক্ষুব্ধ জনতা পুলিশের কথা উপেক্ষা করে ভাঙচুর অব্যাহত রাখে।

 

পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল ওই মাদক কারবারিদের এলাকা ছাড়তে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং হামলাকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে। এ সময় সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী রুবেল হাসান দুলাল, ট্রাক ইউনিয়ন নেতা নাদিম হোসেন এবং দুলাল হোসেন প্রমুখ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, মিলন, লাবু ও বাবুসহ তাদের পরিবারের ছয় সদস্য দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে। তাদের কারণে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং সাধারণ পরিবহন চালকরা কষ্টার্জিত অর্থ মাদকের পেছনে নষ্ট করছে। কোনোভাবেই তাদের এই অপতৎপরতা থামানো যাচ্ছিল না। বক্তারা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে এই মাদক কারবারিরা এলাকা ছেড়ে না গেলে আগামী রোববার এলাকাবাসী একত্রিত হয়ে তাদের চূড়ান্তভাবে উচ্ছেদ করবে।

আরও পড়ুন