ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরশালেপুর সার্ভিস ঘাট এলাকা থেকে একটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৫ জুলাই) দুপুরে লোকালয়ে প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা সেটিকে নিরাপদে আটকে রাখেন। বর্তমানে প্রাণীটি এলাকাবাসীর হেফাজতেই সুরক্ষিত অবস্থায় রয়েছে।
খাবারের সন্ধানে আশপাশের কোনো চরাঞ্চল বা নদীতীরবর্তী বনজঙ্গল থেকে মেছোবাঘের বাচ্চাটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। এদিকে, বিরল এই প্রাণীটি ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা সেটিকে একনজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। তবে এলাকাবাসী সচেতনতার পরিচয় দিয়ে প্রাণীটির কোনো ধরনের ক্ষতি করেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন এলেই বাঘটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, লোকালয়ে মেছোবাঘের বাচ্চা ধরা পড়ার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে জেলা বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর তাদের পর্যবেক্ষণ ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ভিত্তিতেই প্রাণীটির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/পিআরএএন