জেলার সংবাদ

ফরিদপুরে শিকদার ও মাতুব্বর গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফরিদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন গ্রামবাসী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গহেরপুর গ্রামের শিকদার ও মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই পূর্বশত্রুতার জের ধরেই গত রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। মাতুব্বর গ্রুপের দাবি, প্রতিপক্ষের হামলায় তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে শিকদার গ্রুপের অভিযোগ, মাতুব্বর ও সরদার গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে, এতে তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন